চাঁদাবাজ বললেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: আলী আজম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির কথা বললেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি বলেছেন, দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় জোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আলী আজম বলেন, নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এ কারণে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচির আয়োজন করেছে।

তিনি আরও বলেন, শনিবার (৩১ অক্টোবর) লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভায় অংশ নেবেন। এরপর তারা কুষ্টিয়ায় আয়োজিত একটি পথসভায় যোগ দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঝিনাইদহের তিন আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970