গাজীপুরে প্রেমে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে ইয়াবা তৈরির কারখানা, গ্রেপ্তার যুবক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ার পর দ্রুত অর্থ উপার্জনের নেশায় ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন এক যুবক। ইন্টারনেট ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল শিখে নিজ বাসার একটি কক্ষে গড়ে তোলেন এই কারখানা। তবে শেষ রক্ষা হয়নি। গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম নাজমুল ইসলাম বাপ্পি (৩২)। তিনি টঙ্গীর পাগার আলেক টেক এলাকার বাসিন্দা। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের চলাফেরা ও বাসার ওপর নজরদারি করা হচ্ছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানার একটি বিশেষ দল পাগার আলেক টেক এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে কারখানা থেকে ইয়াবা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই কারখানার মূল উদ্যোক্তা নাজমুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল পুলিশকে জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পাশাপাশি অর্থনৈতিকভাবেও নিঃস্ব হয়ে পড়েন। এরপর দ্রুত বিপুল অর্থ উপার্জনের চিন্তা থেকে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবে ইয়াবা তৈরির বিভিন্ন কৌশল ও উপাদান সম্পর্কে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম সংগ্রহ করে নিজের কক্ষেই গড়ে তোলেন ইয়াবা তৈরির কারখানা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও দেখার মাধ্যম ব্যবহার করে আবাসিক এলাকায় এমন বিপজ্জনক মাদক তৈরির উদ্যোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার যুবকের সঙ্গে অন্য কোনো মাদক চক্রের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।