গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের দুটি মহাসড়ক। শ্রমিক বিক্ষোভের মুখে ইতোমধ্যে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষে বিজিবি সদস্যসহ সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন। অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরা পারসন। হামলায় তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ছাড়া এসএ টেলিভিশনের এক ক্যামেরা পারসন পায়ে আঘাত পেয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ একসঙ্গে কাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970