রাস্তায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো জামায়াতের বি টিম: আনিস আলমগীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:২০ পিএম
দেশে রাস্তায় সক্রিয় থাকা অধিকাংশ রাজনৈতিক দলই জামায়াতে ইসলামীর ‘বি টিম’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।
আনিস আলমগীর বলেন, দেশে একটি বড় রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ অবস্থায় রয়েছে, আরেকটি দল ক্ষমতায় এবং আরেকটি দল বিরোধী দলে রয়েছে। এ সময় তিনি বলেন, এসব দলের ‘এ-টিম, বি-টিম ও সি-টিম’ রয়েছে এবং রাস্তায় থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলো মূলত জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে আনিস আলমগীর বলেন, দলটির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও অতীতে তাদের কিছু ঐতিহাসিক ভূমিকা ছিল। তবে অতিরিক্ত সহানুভূতিশীল অবস্থান নিতে গিয়ে দলটি নিজেদের রাজনৈতিক ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দলে থাকা মানেই শুধু সরকারবিরোধী অবস্থান নেওয়া নয়, বরং জনগণের কাছে নিজেদের রাজনৈতিক আদর্শ তুলে ধরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শাসনামলে দেশের মানুষ নানা দুর্যোগপূর্ণ সময় পার করেছে বলেও মন্তব্য করেন আনিস আলমগীর। তিনি বলেন, বর্তমানে দেশে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই সময়ে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের আদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়া।