শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ভিডিওটি তৎকালীন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে।

তবে শেখ হাসিনার দেশত্যাগের বহুল আলোচিত ভিডিওটি তাহসিফ সাউরি ধারণ করেননি বলে জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সংশ্লিষ্ট বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বরাতে তিনি এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকেল ৩টা ৩৯ মিনিটে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সায়ের।

পোস্টে তিনি লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি ছড়ালেও শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওটি ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ধারণ করেননি বলে সংশ্লিষ্ট বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তাহসিফ সাউরির বিমানবাহিনীর চাকরি হারানোর কারণ সম্পর্কে সায়ের জানান, ২০২৪ সালের আগস্টে সশস্ত্র বাহিনীর নীতিমালার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিমানবাহিনীর একাধিক জুনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। তাদের মধ্যে তাহসিফ সাউরিও ছিলেন।

পোস্টে পৃথক আরেকটি ঘটনার উল্লেখ করে সায়ের বলেন, কাছাকাছি সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে স্কোয়াড্রন লিডার পদমর্যাদার একজন কর্মকর্তাকে আটক করা হয়। ওই কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করেন। ওই দিন কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে ওঠার দৃশ্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে সে সময় আলোচনা তৈরি হয়।

গত জুলাইয়ে একটি পডকাস্টে তাহসিফকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তিনি বিমানবাহিনীর চাকরি হারিয়েছিলেন কি না। জবাবে তিনি বলেছিলেন, ‘হতে পারে।’

একই পডকাস্টে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন নিয়েও তাহসিফকে প্রশ্ন করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে তদন্তের সময় বিমানবাহিনীর ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তাহসিফের নামও উল্লেখ করা হয়েছিল।

এ বিষয়ে তাহসিফ বলেছিলেন, তার ধারণা, আমার দেশ পত্রিকার ওই প্রতিবেদনটি কোনো ধরনের অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছিল।

এদিকে, ২০২৫ সালের ৪ আগস্ট আমার দেশ পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনে তাহসিফসহ বিমানবাহিনীর দুই কর্মকর্তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছিল।

তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, ওই দুই কর্মকর্তাকে ভিন্ন প্রেক্ষাপটে বিমানবাহিনীর প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় অবসরে পাঠানো হয়েছিল। এর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগের কোনো সম্পর্ক ছিল না বলে সংস্থাটি জানায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সেদিন সামরিক হেলিকপ্টার ও উড়োজাহাজে তার দেশত্যাগের বিভিন্ন দৃশ্য দেশি ও বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়। এর মধ্যে গোপনে ধারণ করা একটি ভিডিও পরবর্তী সময়ে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970