অস্ট্রেলিয়ার জালে এক হালি গোল দিয়ে ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১ ১ ব্যবধানে ড্র করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও একপর্যায়ে ২ ১ গোলে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৪ ২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ব্রিসবেনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের মাত্র ৩ মিনিটেই গ্যাব্রিয়েল বোনতেম্পোর সহায়তায় ডান পায়ের বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যান্ডারসন।

এরপর দ্রুত ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ব্রাজিল। ৪ মিনিটে রাফিনিয়ার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বীচ। ফিরতি শটও আটকে দিয়ে ব্রাজিলকে হতাশ করেন তিনি।

এরপর ব্রাজিলের একাধিক সুযোগ নষ্টের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে ডান পায়ের শটে গোল করেন অস্ট্রেলিয়ার রক্ষণভাগের খেলোয়াড় আলেসান্দ্রো কিরকাটি। এর মাত্র ৫ মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটে গোল করেন মিডফিল্ডার কনর মেটকালফ।

মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে যায় ব্রাজিল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় তারা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রাফিনিয়া। ফলে ২ ২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। অস্ট্রেলিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকেন আনচেলত্তির শিষ্যরা। তবে কখনো ফিনিশিংয়ের ব্যর্থতা, আবার কখনো গোলরক্ষক প্যাট্রিক বীচের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল।

ম্যাচের ৬৯ মিনিটে অবশেষে আবারও এগিয়ে যায় ব্রাজিল। এনদ্রিকের সহায়তায় বাঁ পায়ের শটে গোল করেন গিমারেস। এরপর অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ দিকে অস্ট্রেলিয়া কয়েকবার আক্রমণে উঠলেও ব্রাজিলের রক্ষণ ভেদ করতে পারেনি। অতিরিক্ত সময় ৪ মিনিট দেওয়া হলেও আর কোনো গোল হয়নি।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৪ ২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ব্রাজিল ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ১০ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৭ ম্যাচে। দুটি ম্যাচ হয়েছে ড্র। অস্ট্রেলিয়া জয় পেয়েছে একটিতে। ২০০১ সালে ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিলকে ১ ০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970