জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল ঢেলে দেওয়া হলো আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

বরিশালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ভবনের জানালার কাঁচ ভাঙচুরের পাশাপাশি নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে ওই কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে বাসভবনে প্রবেশ করে। এরপর তারা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই এবং ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

ঘটনার বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970