গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে দুই দফায় হামলা ও আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে দুই দফায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসি গ্রামে অবস্থিত মোসাদ্দিকের পৈতৃক বাড়িতে প্রথম দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তার ফুফুর ঘরে আগুন দেওয়া হয়। এতে বাড়ির একাংশ পুড়ে যায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর দুপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন মোসাদ্দিক। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে হামলার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েক দিন ধরে প্রচারণা চালিয়ে তার বাড়ি পুড়িয়ে দেওয়া এবং বাড়িতে অবস্থানকারীদের হত্যার হুমকি দিয়ে আসছিল।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে ফজরের সময় তার ঘরের পাশেই ফুফুর ঘরে আগুন দেওয়া হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে দুপুরের দিকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে স্লোগান দিয়ে তার বাবার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিবারের সদস্যরা আগেই বিষয়টি আঁচ করতে পেরে বাড়ি থেকে সরে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
মোসাদ্দিক আরও জানান, এ ঘটনার পর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা জানান।
মোসাদ্দিকের ভাষ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান তাকে ও তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর সাহায্য কামনা করে তার জন্য দোয়া করেছেন।