৯ গোল হজমের পর সোহেল-সাদের ‘নাইটক্লাবের’ ছবি ভাইরাল
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাদের ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে একটি ক্লাবে দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার এলেনা নামের ওই নারী ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবির পরিবেশ দেখে অনেকেই সেটিকে নাইট ক্লাব হিসেবে উল্লেখ করছেন। এরপরই প্রশ্ন উঠেছে, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের আগে কিংবা পরে বাংলাদেশের দুই ফুটবলার সেখানে গিয়েছিলেন কি না।
তবে ছবিতে নিজেদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করেননি সাদ ও সোহেল। তাদের দাবি, ছবিটি ইন্দোনেশিয়ায় তোলা নয়। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে নেপালে অবস্থানের সময় এলেনার সঙ্গে তাদের পরিচয় হয়েছিল।
সাদ উদ্দিন জানান, মোহামেডানে যোগ দেওয়ার পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই একটি ক্লাবে এলেনার সঙ্গে তাদের পরিচয় হয়। ছবিটি জাকার্তা কিংবা ইন্দোনেশিয়ার অন্য কোনো স্থানে তোলা হয়নি বলেও জানান তিনি।
ছবিতে থাকা এলেনাও একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক্স হ্যান্ডেলে তিনি জানান, সাদ ও সোহেলকে নিয়ে প্রকাশ করা ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের। নেপালে থাকার সময় ওই ছবিগুলো তোলা হয়েছিল।
এলেনা আরও জানান, ওই সময় কিছু আন্তরিক ও পেশাদার মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল, যারা পরে তার বন্ধু হয়ে ওঠেন। তার প্রকাশ করা পোস্ট থেকে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ভ্রমণের সময় সাধারণত তিনি কোনো কিছু প্রকাশ করেন না এবং নিজের অবস্থান ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। এ কারণেই অনেক সময় পুরোনো ছবি ও ভিডিও পরে প্রকাশ করেন বলেও জানান তিনি।
এর আগে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার ঘটনায় সাদ উদ্দিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। পরে জাতীয় দলে খেলার সুযোগ বিবেচনায় সেই শাস্তি কমিয়ে ছয় ম্যাচ করা হয়। সেই ঘটনার পর এবার ভাইরাল হওয়া ছবি ঘিরেও শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই ফুটবলার।
এদিকে আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯ ২ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মধ্যেই সাদ ও সোহেলকে ঘিরে ভাইরাল হওয়া ছবিটি আলোচনায় এসেছে।