ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে চীনের বিলিবিলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম
চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালুর পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতিও নিচ্ছে বিলিবিলি।
মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্মের পরিচিতি বাড়াতে ইতোমধ্যে বিপণন কার্যক্রম শুরু করেছে বিলিবিলি। পাশাপাশি এক্সে নতুন একটি অ্যাকাউন্টও খুলেছে প্রতিষ্ঠানটি। বিলিবিলির দাবি, তাদের চীনা ও মার্কিন প্ল্যাটফর্মে একই ধরনের কনটেন্ট পাওয়া যাবে।
নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এর আগে চীনা প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় বিদেশি ব্যবহারকারীদের পাসপোর্টের মতো পরিচয়পত্র জমা দিতে হতো।
বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে বর্তমানে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিক নির্মাতা মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের উপস্থিতির কারণেও বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে প্ল্যাটফর্মটি।
বিশ্ববাজারে সম্প্রসারণের অংশ হিসেবে কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা তৈরির কাজ করছে বিলিবিলি। আন্তর্জাতিক নির্মাতাদের ব্র্যান্ডের সঙ্গে স্পনসরড কনটেন্ট তৈরির সুযোগ দিতে একটি মার্কেটপ্লেস চালুর পরিকল্পনাও রয়েছে।
তবে বিশ্ববাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ ও তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিলিবিলি। চীনা মালিকানাধীন টিকটকও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ন্ত্রক ও নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের মুখোমুখি হয়েছে।