ফেসবুকে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

ছবি: সংগৃহীত

ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। তবে চাইলেই সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। যেসব অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ, ভুয়া পরিচয় কিংবা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ রয়েছে, সেগুলো এই সুবিধার আওতায় আসবে না।

মেটার তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় ভিডিও সেলফির মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করা হবে। ধারণ করা ভিডিওর সঙ্গে ফেসবুক প্রোফাইলে থাকা ছবির মিল পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। পুরো প্রক্রিয়াটি বিনা মূল্যে সম্পন্ন করার সুযোগ থাকবে।

যারা পাবেন না ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ

১। ১৮ বছরের কম বয়সীরা

ফেসবুকে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এর কম বয়সীরা এই সুবিধা পাবেন না।

২। ফেসবুক পেজের মালিকেরা

প্রাথমিকভাবে এই সুবিধা ব্যক্তিগত প্রোফাইলের জন্য চালু করা হয়েছে। ফলে ফেসবুক পেজের মালিকেরা আপাতত এই ব্যবস্থায় ভেরিফিকেশন সুবিধা পাবেন না।

৩। পেশাদার মোড চালু থাকা অ্যাকাউন্ট

যেসব ব্যবহারকারীর প্রোফাইলে পেশাদার মোড চালু রয়েছে, তারা এই সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৪। নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্ট

প্রতারণা, জালিয়াতি কিংবা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী অ্যাকাউন্টগুলো বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ থেকে বাদ পড়বে।

৫। ভুয়া পরিচয়ে পরিচালিত অ্যাকাউন্ট

কোনো অ্যাকাউন্টে ভুয়া পরিচয় ব্যবহার কিংবা অসত্য পরিচয়ে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেলে সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যোগ্য হবে না।

৬। পরিচয় যাচাইয়ে ব্যর্থ ব্যবহারকারীরা

ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলে থাকা ছবির মিল পাওয়া না গেলে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না।

কয়েক মিনিটেই সম্পন্ন হতে পারে যাচাই

মেটার তথ্য অনুযায়ী, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হতে পারে। যাচাই সফল হলে ফেসবুকের সমর্থিত বিভিন্ন জায়গায় ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।

বিনা মূল্যের ব্যাজ ও অর্থের বিনিময়ে ভেরিফিকেশনের পার্থক্য

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার এই সুবিধার সঙ্গে অর্থের বিনিময়ে চালু থাকা মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের পার্থক্য রয়েছে। মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনে নীল ব্যাজের পাশাপাশি অ্যাকাউন্ট সুরক্ষার অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, নতুন বিনা মূল্যের ভেরিফিকেশন ব্যবস্থায় কালো ব্যাজ ব্যবহারের কথা জানানো হয়েছে।

ভুয়া পরিচয় শনাক্ত করাই মূল লক্ষ্য

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়া প্রোফাইল, ছবি ও বার্তা তৈরি করা সহজ হয়ে ওঠায় প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করার গুরুত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে ফেসবুকের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।

মেটার লক্ষ্য, মার্কেটপ্লেস, ডেটিং ও বিভিন্ন গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের আগে তার পরিচয় যাচাইয়ের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরও নিরাপদ করার পাশাপাশি ভুয়া পরিচয়ে পরিচালিত অ্যাকাউন্ট শনাক্ত করাও সহজ হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970