আবারও জকসু নেতার ওপর হামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর আবারও হামলার অভিযোগ উঠেছে। সহপাঠীদের সঙ্গে অবস্থানকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে একদল যুবক তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত নূর মোহাম্মদকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
সহপাঠীদের অভিযোগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি দিয়ে নূর মোহাম্মদকে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন শিক্ষার্থীও হামলার শিকার হন।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।
জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে বলেন, জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ এবং নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আহত নূর মোহাম্মদ জানান, আগের দিনের হামলায় আহত এক শিক্ষার্থীকে দেখতে পাঁচজন মিলে যাচ্ছিলেন। পথে সোহরাওয়ার্দী কলেজের সামনে তাদের ওপর কাঠের টুকরা ও লাঠি দিয়ে হামলা করা হয়। তিনি দাবি করেন, মাটিতে পড়ে যাওয়ার পরও তাদের মারধর করা হয়েছে।
হামলায় আহত আরেক শিক্ষার্থী রাকিব শিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তারা সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করার সময় ২০ থেকে ২৫ জন তাদের ঘিরে ফেলেন। এরপর তাদের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, হামলার আগে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ভিডিও কলে কারও সঙ্গে কথা বলেন এবং এরপর হামলা শুরু হয়। একই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীও হামলার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল। তিনি বলেন, আগের দিনের ঘটনার পর থেকে তিনি অসুস্থ এবং বিকেলের পর কলেজে কারও থাকার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন বলেও উল্লেখ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কোনো শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।