চুয়েটে প্রবেশ না করার শর্তে বেরিয়ে ভিসি বললেন সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরবো

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হলেও এখনো স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। চলছে শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা।

শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে মঙ্গলবার রাতে প্রায় ৩০ ঘণ্টা নিজ দপ্তরে অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসন ও পুলিশের নিরাপত্তায় উদ্ধার করা হয় নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে। পরে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

মঙ্গলবার রাতে চুয়েট ক্যাম্পাস থেকে উপাচার্যকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা জানান, আর কোনো দিন চুয়েটে প্রবেশ না করার শর্তে তাকে চলে যেতে দেওয়া হয়েছে।

তবে এক ভিডিও বার্তায় উপাচার্য জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে। সুস্থ হয়ে তিনি দ্রুত ক্যাম্পাসে ফিরে যাবেন।

এর আগে গত সোমবার সকাল ৮টার পর ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের অগোচরে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এরপর দুপুরে জরুরি সভা শেষে বহিরাগতদের সহায়তায় ক্যাম্পাসে নতুন উপাচার্যের এমন উপস্থিতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী সমিতি।

সেদিন দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও উপাচার্য ক্যাম্পাস ত্যাগ না করায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন উপাচার্য।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগের প্রতিবাদে এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন চুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দিন থেকে কর্মবিরতি পালন করছেন। ফলে গত ২২ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970