কেউ যদি ছাত্রলীগের মতো আচরণ করে তাদের কড়া জবাব দেবে ছাত্রদল: সহ-সভাপতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া বলেছেন, কেউ যদি ছাত্রলীগের মতো অসহনশীল আচরণ করে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করে, তবে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের মুক্তমঞ্চে শাখা ছাত্রদলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। অতীতের মতো বর্তমানেও সংগঠনটি ইতিবাচক ও গঠনমূলক ছাত্ররাজনীতি চর্চা করে আসছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে তারা লক্ষ্য করছেন। তবে ছাত্রদল এমন একটি ক্যাম্পাস চায়, যেখানে সব ছাত্রসংগঠন, স্বতন্ত্র প্ল্যাটফর্ম এবং রাজনীতির বাইরে থাকা শিক্ষার্থীরা সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে অবস্থান করতে পারবেন।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, বহুত্ববাদী সমাজ গঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সব ধরনের ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত হওয়া প্রয়োজন। ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা থেকেই এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।