মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল, আওয়ামী লীগের কয়েকজন আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল। শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন বেশ কয়েকজন। তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে ইমরান নামে একজন রয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জে। তার মুঠোফোনে আন্দোলন উসকে দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে মিথ্যা পরিচয়ে আন্দোলনে অংশ নেওয়ার কারণ সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ইমরানের নেতৃত্বে কয়েকজন জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।
তিনি আরও জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে সোমবার পর্যন্ত মোট ২৯ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলাও করা হয়েছে।