তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদীর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় হেলিকপ্টারে করে গণভবন ছাড়ার যে আলোচিত ভিডিও প্রকাশ্যে আসে, সেটি ধারণ ও প্রথম প্রকাশের সঙ্গে তাহসিফ সাউরির নাম জড়িয়ে রয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এ সময় তার মানহানি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

তবে তাহসিফ সাউরির মৃত্যুর সঙ্গে ওই ভিডিও প্রকাশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এবং নিখোঁজ হওয়ার পেছনের পরিস্থিতিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনের পেছন থেকে তিনি আলোচিত ভিডিওটি ধারণ করেছিলেন বলে জানা গেছে। ওই ঘটনার পর তিনি স্বেচ্ছায় বিমানবাহিনী থেকে পদত্যাগ করে চাকরি ছেড়ে দেন।

তাহসিফ সাউরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970