দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল সাড়ে ৬ হাজার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি: সংগৃহীত

টানা চার দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য তালিকা শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

এর আগে গত ১১ জুন স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

সবশেষ সমন্বয়ের ফলে চলতি বছরে দেশে স্বর্ণের দাম মোট ৭৪ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৩ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970