দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে শনিবার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা থাকবে।
রোববার ১১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এ কারণে ওই তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো নিয়মিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বহাল থাকবে। তবে দুর্গাপূজার ছুটির দিনগুলোতে এসব শাখা ও উপশাখায় আমদানি ও রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।