নতুন দামে কোন সিগারেট কত টাকা?
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে।
বুধবার ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এ স্তরের সিগারেটের দাম আগের তুলনায় ৩ টাকা বেড়েছে।
এদিকে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করা হয়েছে। এসব স্তরের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
চলতি ২০২৬ ২৭ অর্থবছরের বাজেটেও সিগারেটের বিভিন্ন স্তরের দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সময়ে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়।
এরপর সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হলো।
নতুন নির্ধারিত মূল্যে প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা। মধ্যম স্তরের সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেট ২১০ টাকা ও তদূর্ধ্ব দামে বিক্রি হবে।