ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে।
শুক্রবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একই সময়ে রাজধানী তেল আবিবকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে।
লাইভ সম্প্রচারে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হতে দেখা গেছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর।
ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এদিকে ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযান শেষ হওয়ার আশা প্রকাশ করলেও এখন তিনি বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরদিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে অভিযান শেষ হতে পারে বলে তিনি আশা করছেন।
পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্তও গড়াতে পারে।
তবে বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম–কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে সামরিক অভিযানের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে—ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে এবং তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও না থাকে।