‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিভিশন নেটওয়ার্ক ও প্রধান গণমাধ্যমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরোধের মধ্যেই নিজস্ব ভিডিও সম্প্রচার প্ল্যাটফর্ম চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার থেকে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ডিজিটাল চ্যানেলে ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু হয়েছে ‘ট্রাম্প টিভি’র।

হোয়াইট হাউসের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, নতুন এই প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পের অতীতের গুরুত্বপূর্ণ বিভিন্ন মুহূর্ত, ঐতিহাসিক ভাষণ, ২০২৫ সালের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি ঘোষণার ভিডিও ফুটেজ নিয়মিত সম্প্রচার করা হবে।

এর আগে নেতিবাচক ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে ট্রাম্প প্রশাসন। এমনকি কয়েকজন সাংবাদিকের প্রেস ব্যাজও জব্দ করা হয়। প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ফেডারেল আদালতে মামলা করেছে।

মামলায় সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের পছন্দের বাইরে সংবাদ প্রকাশ করায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদের দাবি, এমন পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পথে বাধা তৈরি করছে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ব্যর্থ এবং ‘ভুয়া খবর’ প্রকাশকারী প্রতিষ্ঠানগুলোকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি না দেওয়ার অধিকার তাদের রয়েছে।

এ বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসির মতো শীর্ষ নেটওয়ার্কগুলোর যৌথ ভিডিও শেয়ারিং ব্যবস্থা বর্তমানে স্থগিত রয়েছে। সিএনএনসহ অন্যান্য গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে কয়েকটি নেটওয়ার্ক প্রেসিডেন্টের ভিডিও কভারেজ বন্ধের ঘোষণা দিয়েছে।

এ ছাড়া নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষস্থানীয় দৈনিকগুলোও প্রেসিডেন্টের ছবি প্রকাশ সাময়িকভাবে স্থগিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970