দু-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: জাহেদ উর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দু একবার ককটেল ফুটিয়ে সরকারকে কোনো কিছু করা যাবে না। জনগণকে কষ্ট দিয়ে সংকটে ফেলতে চায় না সরকার। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ডিজেলে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে জনগণের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেও সরকার নজর রাখছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে কেন দাম বাড়ানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের বাজার বর্তমানে খুবই অস্থির। সামনে তেলের দাম আরও বাড়তে পারে। এ অবস্থায় সরকার কতটা ভর্তুকি দিতে পারবে, সেটিও বিবেচনায় নিতে হচ্ছে।

তিনি বলেন, আগের সরকারের সময়ে এমন পরিস্থিতি হলে তিনি পদত্যাগের দাবি জানাতেন। কারণ সেই সরকার নির্বাচিত ছিল না। তবে বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত। একদিকে জনগণের কষ্টের বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে, অন্যদিকে সরকারকে অর্থনৈতিক ভারসাম্যও বজায় রাখতে হচ্ছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের পাশে সরকার রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা এবং কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

জাহেদ উর রহমান জানান, সানফ্রান্সিসকোতে দলীয় একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ব্যয় সাশ্রয় এবং দেশের চলমান সংকট বিবেচনায় প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কিনছে এমন তথ্য প্রকাশিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে যতটুকু জানা গেছে, বিষয়টি সেই পর্যায়েই রয়েছে।

সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সাধারণ পরিষদের কোনো অনুষ্ঠান ছিল না উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে দলীয় বা অন্য কোনো কর্মসূচি ছিল। পরে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করাই এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970