ইয়েমেনে সরকারি বাহিনীর ওপর হুতির ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

ছবি: সংগৃহীত

ইয়েমেনে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর ওপর হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, হামলায় আরও বহু সেনা আহত হয়েছেন। এর আগে চিকিৎসা সূত্রে নিহতের সংখ্যা ৩৮ জন বলা হয়েছিল।

ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার উপযুক্ত সময় ও স্থানে কঠোর জবাব দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের পর সরকারি বাহিনীর ওপর এটি সবচেয়ে বড় হামলা। মধ্য ইয়েমেনের মারিব প্রদেশের আল-রুওয়াইক এলাকার একটি সামরিক ঘাঁটি এবং সৌদি সীমান্তসংলগ্ন হাদরামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়াহ এলাকার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সামরিক সূত্র জানায়, মারিবের একটি ঘাঁটিতে সকালের সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ৪৫ সেনা হতাহত হন। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর ছিল হামলার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি হুতিদের বিরুদ্ধে যেকোনো ধরনের উত্তেজনা মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও জানান।

দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে থাকা ইয়েমেনে সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত তীব্র হয়ে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর থেকেই সৌদি আরব-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে হুতিদের তৎপরতা বৃদ্ধি পেতে থাকে।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলেও দীর্ঘ সময় ধরে তা কার্যত বহাল ছিল। তবে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে আবারও সরাসরি সংঘর্ষ শুরু হয়েছে। গত মাসে হোদেইদাহ বন্দরনগরীর দক্ষিণে সরকারি বাহিনীর ওপর হুতিদের আরেক হামলায় ১৬ সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন চিকিৎসা কর্মকর্তারা।

২০১৪ সাল থেকে ইয়েমেনের সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে হুতি গোষ্ঠী। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970