বাংলাদেশে পরিবারের ওপর ডাকাতির হামলার দাবি করা ভিডিওটি আসলে ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
বাংলাদেশে একটি পরিবারের ওপর ডাকাতের হামলার দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্যও করা হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের পাঞ্জাবের অমৃতসরে ২০২৪ সালে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার সময় ধারণ করা হয়েছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় এক নারী দরজা বন্ধ করে তাদের ঠেকানোর চেষ্টা করেন। পরে ভিডিওটি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা দাবি করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়।
ভিডিওটির উৎস অনুসন্ধান করে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ২ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে একই ভিডিও ব্যবহার করে ঘটনাটি ভারতের পাঞ্জাবের অমৃতসরের ভেরকা এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় ওই নারী বাড়ির ছাদে কাপড় শুকাচ্ছিলেন। এ সময় তিনি বাড়ির বাইরে তিনজন মুখোশধারী যুবককে দেখতে পান। তাদের মধ্যে একজন দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই নারী দ্রুত নিচে নেমে দরজা বন্ধ করে দেন।
ওই ব্যক্তি দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলেও নারী নিজের শরীর দিয়ে দরজা আটকে রাখেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সতর্ক করতে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তিনি দরজার সামনে একটি সোফা এনে দেন।
ওই নারীর প্রতিরোধের মুখে মুখোশধারীরা বাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে সেখান থেকে চলে যায়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছিল এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশ মামলা করে তদন্ত শুরু করেছিল।
অতএব, বাংলাদেশে একটি পরিবারের ওপর ডাকাতির হামলার দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পাঞ্জাবের অমৃতসরে ২০২৪ সালে ঘটে যাওয়া ডাকাতির চেষ্টার ঘটনা।