বুক ফাটিয়ে বলব, ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বুক ফাটিয়ে বলতে পারেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা রাজাকার। বাংলার মাটিতে তাদের রাজনীতির কোনো স্থান নেই।
রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য মোনাফেকি করেছে। এমনকি আল্লাহর সঙ্গে শরিক করে অমুক প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলেও প্রচার করেছে। তার ভাষায়, এরা রাজাকার এবং দেশের শত্রু।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে রাজাকারদের যোগসাজশ, গণহত্যা ও নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে সরদার সাখাওয়াত হোসেন প্রশ্ন করেন, যারা মা বোনদের তুলে নিয়ে নির্যাতন করত এবং বুদ্ধিজীবীদের দড়ি দিয়ে বেঁধে হত্যা করত, তাদের হাতে কি দেশ তুলে দেওয়া যায়।
তিনি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের মন জয় করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনাই তাদের লক্ষ্য। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে তারা জড়াবেন না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর একটি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। অন্যটি হলো ফ্যাসিবাদের নতুন যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করা।