অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসাইন তার অফিসের প্রত্যেক কর্মীকে নতুন আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। কেরালায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর কর্মীদের উপহার দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি প্রকাশ করেন নিশাদ হুসাইনের স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। ভিডিওতে দেখা যায়, অফিসের কর্মীরা টেবিলের ওপর রাখা উপহারের বাক্স থেকে একে একে বাক্স বেছে নিচ্ছেন।
কয়েকজন কর্মী বাক্স খুলে আইফোন পেয়ে আনন্দিত হলেও কয়েকজনের বাক্সে প্রথমে পাওয়া যায় চকলেট। পরে হাসিনা তাদের হাতেও আইফোন তুলে দিয়ে চমকে দেন। এতে কর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
হাসিনা বলেন, প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এই উপহার দেওয়া হয়েছে।
ভিডিওটি ইতোমধ্যে ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে প্রতিষ্ঠানের মালিকের এমন উদ্যোগের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, প্রতিষ্ঠানটিতে নতুন করে চাকরির সুযোগ রয়েছে কি না।