মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পরিকল্পনা করতে হবে: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৩৯ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে ইরানকে আগাম পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গালিবাফের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বক্তব্যের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরাক সফরে থাকা গালিবাফ বলেন, মুসলিম দেশগুলোর বিপুল সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা এসব সম্পদ দখল বা লুট করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করে তা কাটিয়ে উঠতে ইরানকে আগে থেকেই কার্যকর পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কঠোর নিষেধাজ্ঞা মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে ইরানের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। ওয়াশিংটনের দাবি, তেহরানের অর্থনৈতিক সক্ষমতা এবং যুদ্ধ পরিচালনার সামর্থ্য দুর্বল করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা বলেছেন, তার দেশ কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। তবে ইরানের স্বাধীনতা, ভূখণ্ড ও নিরাপত্তার ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসন প্রতিহত করা হবে।

শুক্রবার (২১ আগস্ট) তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইরানিদের কাছে ‘রমজান যুদ্ধ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাতে ইরান আগের ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থান থেকে প্রবেশ করেছে বলেও দাবি করেন ইবনে আল-রেজা। তার ভাষায়, সর্বশেষ যুদ্ধ ছিল ইরানের জন্য কঠিন একটি পরীক্ষা। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটি জাতীয় আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রমাণ দিয়েছে।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিজেদের সক্ষমতার ওপর আস্থা, তরুণদের শক্তির যথাযথ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার এবং জাতীয় ঐক্য বজায় রাখলে ইরানি জনগণ যেকোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম।

তিনি আরও দাবি করেন, ভবিষ্যতের সংঘাতে শত্রুর ঘাঁটিতে প্রবেশ, আঞ্চলিক গতিবিধি পর্যবেক্ষণ এবং আরও বেশি ক্ষয়ক্ষতি করার সক্ষমতা ইরানের বেড়েছে। একই সঙ্গে কৌশল ও প্রযুক্তির ক্ষেত্রেও দেশটির সক্ষমতা আরও উন্নত হয়েছে।

সূত্র : আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970