ভারতে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিলো প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম
ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় প্রায় ১৫০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা ‘গরিব নওয়াজ আল মারুফ’ নামের মসজিদটিতে এই অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভোর আনুমানিক ৫টার দিকে মসজিদটি ভাঙার কার্যক্রম শুরু হয়। অভিযান ঘিরে কালেক্টরেট চত্বরের সব প্রবেশপথ নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। বিপুলসংখ্যক পুলিশ, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
প্রশাসনের দাবি, মসজিদটি সরকারি জমিতে অনুমোদনহীনভাবে নির্মাণ করা হয়েছিল। বিরোধের কেন্দ্রে থাকা ৩১৫ বর্গমিটার জমিটি রাজস্ব নথিতে কালেক্টরেটের সরকারি সম্পত্তি হিসেবে নিবন্ধিত রয়েছে বলে আদালতে যুক্তি তুলে ধরে প্রশাসন।
জানা গেছে, ২০২৫ সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং দল’-এর সাবেক এক নেতা কালেক্টরেট চত্বরে সরকারি জমি দখলের অভিযোগ তোলেন। এরপর রাজস্ব বিভাগ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে ‘অনুমোদনহীন স্থাপনা’ হিসেবে উল্লেখ করে ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করার নির্দেশ দেন। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারি স্থাপনা আইনের আওতায় উচ্ছেদের পাশাপাশি প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি জরিমানাও নির্ধারণ করা হয়।
তবে প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করেছে মসজিদ পরিচালনা কমিটি। তাদের দাবি, মসজিদটি প্রায় ১৫০ বছরেরও বেশি পুরোনো এবং এর পক্ষে প্রয়োজনীয় আইনি নথি তাদের কাছে রয়েছে।
মসজিদের তত্ত্বাবধায়ক তানভীর আহমেদ বলেন, সাহারানপুর কালেক্টরেট ভবন নির্মাণেরও আগে ব্রিটিশ আমলে মসজিদটি নির্মিত হয়েছিল। ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯১১ সালে মসজিদটিতে বিদ্যুৎ সংযোগ নেওয়ারও প্রমাণ রয়েছে।
সিটি ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ আদেশের বিরুদ্ধে মসজিদ পরিচালনা কমিটি জেলা আদালতে আপিল করেছিল। গত ২ সেপ্টেম্বর জেলা আদালত সেই আপিল খারিজ করে সিটি ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ আদেশ বহাল রাখেন। তবে আদালতের আদেশে সরাসরি মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছে মসজিদ কমিটি।
এরপর আদালতের রায়ের কয়েক দিনের মধ্যেই শনিবার ভোরে প্রশাসন মসজিদটির পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস