নির্বাচনের ৫ দিন আগে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা মার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে ওই দিন সেখানে গিয়েছিলেন তিনি। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। সে হিসাবে নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে এ ঘটনা ঘটল।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল হালকা রেল পরিষেবা। এ সময় নেতানিয়াহুকে স্বাগত জানাতে এবং তার গাড়িবহর দেখতে হাজারো ইসরায়েলি সেখানে জড়ো হন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার জন্য স্থাপন করা ব্যারিকেড টপকে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে যান। তবে এ ঘটনার কারণে নেতানিয়াহুর গাড়িবহরের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

মাহানে ইয়েহুদা মার্কেটে পৌঁছানোর পর নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের সংগীত বাজিয়ে স্বাগত জানানো হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের লিকুদ পার্টির পতাকার পাশাপাশি ইরানের সিংহ ও সূর্যখচিত পতাকা ওড়াতে দেখা যায়। এ সময় নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে জনতার দিকে নাড়তে এবং পরে সেটি তাদের দিকে ছুড়ে দিতে দেখা যায়।

মাহানে ইয়েহুদা মার্কেটে যাওয়ার আগে বৃহস্পতিবার তেলআবিবের হাতিকভা মার্কেট পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে এক ক্ষুব্ধ ব্যক্তি তাকে প্রশ্ন করেন, তিনি হামাসকে লাখ লাখ ডলার কেন পাঠিয়েছিলেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, ওই ব্যক্তি ঘটনাটি ধারণ করার চেষ্টা করলে সেখানে উপস্থিত লিকুদ পার্টির সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

ওই মার্কেটে উপস্থিত ছিলেন নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গ্যাটের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার।

তারা নেতানিয়াহুকে বলতে সেখানে গিয়েছিলেন, ৭ অক্টোবরের ঘটনার সময় যারা ক্ষমতায় ছিলেন, তাদের সরকারের পদত্যাগ করা উচিত। এ সময় কয়েকজন মিশেল ইলুজের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার সময় নেতানিয়াহু সেখানে উপস্থিত ছিলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইনাভ জাঙ্গাউকার লেখেন, তারা নেতানিয়াহুকে সত্য জানাতে সেখানে গিয়েছিলেন। তার অভিযোগ, ৭ অক্টোবরের ঘটনার জন্য দায়ীদের একজন নেতানিয়াহু। ওই ঘটনার সময় দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের কারও ক্ষমতায় থাকা উচিত নয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর নয়।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970