হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন প্রস্তাবে যে জবাব দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়ে ইরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ৩০ সেপ্টেম্বর ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর বিপরীতে ইরান জানিয়েছিল, তারা প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ আট মাসে পা দিতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন প্রস্তাব দেয় তেহরান।
যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া ওই প্রস্তাবে নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দ করা অর্থ ছাড়, সব ফ্রন্টে লড়াই বন্ধ এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দেয় ইরান।
ইরানের একটি সূত্র জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে যুক্তরাষ্ট্রের জবাব পৌঁছেছে। পরে তিনি সেটি ইরান সরকারের কাছে হস্তান্তর করেন।
তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, নাকি গ্রহণ করেছে, কিংবা নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ওই সূত্র।
এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা সীমিত করার বিষয়ে প্রকাশিত খবরও সত্য নয় বলে দাবি করেন তিনি।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে কয়েক দিনের মধ্যেই সেটি ভেঙে যায়। এরপর দুই পক্ষ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে যেসব বিষয় ছিল, নতুন প্রস্তাবেও সেগুলোই রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স