এবার ইউরোপজুড়ে পরমাণু হামলার হুমকি দিলো রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা দিয়েছে রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে সতর্ক করেছে মস্কো।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে পাঠানো একটি গোপনীয় কূটনৈতিক নথিতে রাশিয়া বলেছে, জোটটির বর্তমান কর্মকাণ্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর মাধ্যমে সরাসরি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই নথিতে বলা হয়েছে, কালিনিনগ্রাদকে অবরুদ্ধ করার কোনো চেষ্টা শুরু হলে ন্যাটোর সদস্য দেশগুলোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করতে পারে মস্কো।

কালিনিনগ্রাদ নিয়ে বিরোধ ও পারমাণবিক হুঁশিয়ারি

পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার গুরুত্বপূর্ণ ও ব্যাপকভাবে সামরিকীকৃত একটি ভূখণ্ড। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কালিনিনগ্রাদ ঘিরে ন্যাটোর সামরিক মহড়া, গোয়েন্দা নজরদারি এবং রুশ জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির মতো কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ করে আসছে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার এই কঠোর বার্তাকে ইউরোপের নেতাদের জন্য সময়োপযোগী কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছেন।

ভিয়েনাভিত্তিক পারমাণবিক বিশ্লেষক ও সাবেক রুশ কূটনীতিক নিকোলাই সোকভের মতে, কালিনিনগ্রাদ অবরুদ্ধ করার যেকোনো প্রচেষ্টাকে ইউরোপের অনেকেই সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা নাও করতে পারেন। তবে রাশিয়ার কাছে এমন পদক্ষেপ প্রকাশ্য যুদ্ধ হিসেবেই গণ্য হতে পারে। দুই পক্ষের ভুল হিসাবের কারণে পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।

ন্যাটোর পাল্টা জবাব

রাশিয়ার পারমাণবিক হুঁশিয়ারির জবাবে ন্যাটো লিখিত প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা একটি প্রতিরক্ষামূলক জোট এবং তাদের সামরিক কর্মকাণ্ড কিংবা মহড়া রুশ ভূখণ্ডের জন্য হুমকি নয়। একই সঙ্গে রাশিয়াকে দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক উসকানি থেকে বিরত থাকার এবং ইউক্রেন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জোটটি।

ন্যাটোর এক কূটনীতিক বলেছেন, রাশিয়ার এই বার্তা মূলত ইউরোপীয় দেশগুলোকে ভয় দেখানোর আরেকটি চেষ্টা। তবে এর মাধ্যমে ইউক্রেনকে সহায়তা দেওয়া থেকে ইউরোপীয় দেশগুলোকে বিরত রাখা সম্ভব হবে না বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে, এক জ্যেষ্ঠ ইউরোপীয় প্রতিরক্ষা কর্মকর্তা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্নায়ুযুদ্ধের অবসানের পর এবারই প্রথম রাশিয়া এত সরাসরি ও বড় ধরনের পারমাণবিক হামলার হুমকি দিয়েছে।

ইউরোপীয় দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে নাশকতা ও হাইব্রিড যুদ্ধের অভিযোগ তুলছে, তখন কালিনিনগ্রাদ ইস্যুতে মস্কোর এমন কঠোর অবস্থান ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970