রংপুরে ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরে গভীর রাতে টিনের ঘরের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে দীপা রানী নামে ২৪ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সজীব গুরুতর আহত হলেও ঘরের ভেতরে পাশে ঘুমিয়ে থাকা আট মাস বয়সী শিশুসন্তান অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছে।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের হাজরাহাটি ভরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই রাতে কোনো ঝড় বা বৃষ্টি ছিল না। হঠাৎ বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে তারা দেখতে পান, বিশাল একটি জোড়পাকড় গাছ ভেঙে টিনের ঘরের ওপর পড়ে রয়েছে। এতে দুটি ঘর গাছের নিচে চাপা পড়ে যায়। ওই সময় ঘরের ভেতরে দীপা রানী, তার স্বামী সজীব ও তাদের আট মাস বয়সী সন্তান ঘুমিয়ে ছিলেন।

পরে স্থানীয়রা গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধার করেন। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকেও জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। তাদের ধারণা, গাছটির বয়স প্রায় ২৫০ থেকে ৩০০ বছর।

প্রতিবেশী পল্লীচিকিৎসক প্রফুল্ল রায় জানান, বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে গাছটি ঘরের ওপর পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। গাছের নিচে দীপা রানীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্বামী সজীবের মাথায় গুরুতর আঘাত ছিল।

খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে সরিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহত সজীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।

হঠাৎ গাছটি ভেঙে ঘরের ওপর পড়ে যাওয়ায় দুটি টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালের পাশাপাশি একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মমিনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত এক গৃহবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970