মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। গতকাল বুধবার উত্তর আফ্রিকার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

এর আগে গত সপ্তাহে মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পার্লামেন্টের ৩৯৫টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ৯৭টি আসনে জয় পায় ফাতিমা ইজ্জাহরার রাজনৈতিক দল অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে ৩১টি আসনে এগিয়ে থেকে এ জয় পায় দলটি।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ফাতিমা ইজ্জাহরা বলেন, “এটা ঐতিহাসিক। দেশের ইতিহাসে এই প্রথম একজন নারী সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছে। এটা শুধু আমার নয়, মরক্কোর সব নারীর জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “আজ থেকেই আমরা কাজ শুরু করছি। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগে আমরা প্রথমে দলের অভ্যন্তরেই আলোচনা শুরু করব।”

নির্বাচনে কোনো দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য ফাতিমার দলকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে। তবে মরক্কোর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সরকারপ্রধান হলেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজার ক্ষমতা রয়েছে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত।

কে এই ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ ফাতিমা ইজ্জাহরা এল মানসুরির জন্ম ১৯৭৬ সালে মরক্কোর রেহমানা প্রদেশে। তার বাবা আবদেলরহমান এল মানসুরি মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশের উপপ্রশাসক ছিলেন। পরে তিনি সংযুক্ত আরব আমিরাতে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

৫০ বছর বয়সী ফাতিমার শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে ফ্রান্সে। দেশে ফিরে তিনি আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ২০০৮ সালে অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।

এরপর ২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ঐতিহাসিক এই শহরের প্রথম নারী মেয়র হওয়ার গৌরব অর্জন করেন ফাতিমা। ২০১৫ সাল পর্যন্ত তিনি মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

মেয়রের দায়িত্ব শেষ হওয়ার পর ২০২০ সাল পর্যন্ত ফাতিমাকে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় পদে দেখা যায়নি। পরে ২০২১ সালে তিনি মরক্কোর তৎকালীন প্রধানমন্ত্রী আজিজ আখানচুচের জোট সরকারে আবাসনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।

সূত্র: এএফপি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970