মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রিস্টিয়া পাইক। ইনজেকশন প্রয়োগের পরও তার মৃত্যু না হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ন্যাশভিলের একটি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় আদালতে জমা দেওয়া লিখিত নথিতে ক্রিস্টিয়ার আইনজীবীরা তার শারীরিক অবস্থার কথা জানান। নথিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সময় ব্যবহৃত পেনটোবারবিটাল নামের বিষাক্ত ওষুধ তার শরীর থেকে অপসারণের চেষ্টা চলছে। তবে তার শারীরিক অবস্থা এখনো গুরুতর।

এর আগে বুধবার রাতে ক্রিস্টিয়ার শরীরে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুটি বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করা হয়। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ইনজেকশন দেওয়ার পর দীর্ঘ সময় ধরে ছটফট করেন তিনি। এ সময় তাকে কাঁদতে দেখা যায় এবং তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তার মৃত্যু হয়নি।

পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরুতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে শুক্রবার আদালতে আইনজীবীদের জমা দেওয়া নথি থেকে জানা যায়, তিনি অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় চিকিৎসাধীন রয়েছেন।

১৯৯৫ সালে ক্রিস্টিয়া পাইক তার এক ছেলে বন্ধুর সঙ্গে মিলে সহপাঠী কলিন স্লেমারকে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় ক্রিস্টিয়ার বয়স ছিল ১৮ বছর এবং স্লেমারের বয়স ছিল ১৯ বছর। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ৩২ বছর কারাবাসের পর তার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।

তবে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পরও মৃত্যু না হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে ক্রিস্টিয়ার আইনজীবীরা তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন।

ক্রিস্টিয়ার এক আইনজীবী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ক্রিস্টিয়া সবচেয়ে কঠোর শাস্তিগুলোর একটি পেয়েছেন। তাই তার মৃত্যুদণ্ড মওকুফের আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970