বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে বাবার জানাজায় দেখেছেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ।

বৃহস্পতিবার ১ অক্টোবর ‘আখবার মাশহাদ’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মাহরুযাদেহ দাবি করেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে তিনি মোজতবা খামেনিকে দেখেছেন।

তিনি বলেন, ‘আমি সেদিন রাতেই তাকে দেখেছি। আলহামদুলিল্লাহ, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিলেন।’

ইরানের আসরিরানসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে মাহরুযাদেহর এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আলি খামেনির দাফনের সময় মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে উপস্থিত থাকতে দেখেছেন তার শাশুড়ি।

তায়্যেবেহ মাহরুযাদেহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম আলী হাদ্দাদ আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলি খামেনির বাসভবন ও দপ্তরে চালানো হামলায় জাহরা নিহত হন।

গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। কারণ দাফন ও শোকানুষ্ঠানের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিও রেকর্ডে তাকে দেখা যায়নি। এতে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বাড়ে।

মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার সব নির্দেশও লিখিতভাবে প্রকাশ করা হচ্ছে।

তবে শাশুড়ির দাবি সমর্থন করার মতো কোনো ছবি বা ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়নি। এর মধ্যেই ইরানের সরকারি মহল ও সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বারবার মোজতবা খামেনির সুস্থতার দাবি করে আসছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970