চুরি যাওয়া গরু জবাই করে বৌভাতের আয়োজন, বরের বাবা গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি যাওয়া গরু জবাই করে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই বরের বাবা।
শনিবার ৩ অক্টোবর সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। এতে বিয়ের পরদিনের বৌভাতের আয়োজন ভণ্ডুল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।
এর মধ্যে পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। পরে চুরি যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে শহিদুল ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে যান। সেখানে বৌভাতের জন্য জবাই করা গরুটি দেখে তারা সেটিকে নিজেদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন।
এ নিয়ে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে আনারুল গুরুতর আহত হন।
পরে শহিদুল মোবাইল ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর সোহান ও তার ভাই রাব্বি সেখান থেকে পালিয়ে যান। এ সময় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।