দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে নিজের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।

নিউজ১৮ ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পারিবারিক বাসায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তার মা দরজা খুলে দিলে পুলিশ বাসার ভেতরে যায়। এর আগে শুক্রবার গভীর রাতে ওই বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) এই কর্মসূচি আয়োজনের কথা ছিল।

বিক্ষোভের আগে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপের সমালোচনা করেছিলেন ধ্রুব রাঠি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিক্ষোভ ঠেকাতে কেন্দ্রীয় সরকার কার্যত দিল্লিকে অবরুদ্ধ করার পরিস্থিতি তৈরি করেছে।

ভিডিওতে ধ্রুব রাঠি বলেন, দিল্লিতে এসে তিনি দেখেছেন, ৫০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ট্রেন ও বাস চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বিক্ষোভ ঘিরে রাজধানীতে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেন পুরো শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

ধ্রুব রাঠি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাব থেকে প্রচার করা হচ্ছে, প্রস্তাবিত বিক্ষোভে খুব বেশি মানুষ অংশ নেবেন না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কর্মসূচিতে লোকসমাগম কম হওয়ার দাবি করা হলে এত কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রয়োজন কেন?

তার অভিযোগ, সরকার আসলে বিক্ষোভ নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে সাধারণ মানুষকে জন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে ধ্রুব রাঠিকে আটক করার বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: নিউজ১৮ ও হিন্দুস্তান টাইমস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970