দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা করলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা, সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইমাম মাহদীর আগমন ত্বরান্বিত হওয়ার প্রার্থনা করেছেন তিনি। শুক্রবার তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মোজতবা খামেনি তাঁর বার্তায় বলেন, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, অভিভাবক ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইসলামি ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এ লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের প্রসঙ্গ তুলে খামেনি বলেন, মার্কিন ও ইসরায়েলি শত্রুপক্ষ পুলিশ বাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সম্মুখসারির সদস্যদের ওপর বারবার হামলার চেষ্টা চালিয়েছে। তবে এসব হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব পালনে অবিচল থেকেছেন।

বার্তায় পুলিশ বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার, জনবল উন্নয়ন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970