বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট ছাত্রনেত্রী নেহা বোরা।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে লড়াই করেছেন, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে নেহা বোরা বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা দমনের চেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের গভীর মিল রয়েছে।
দক্ষিণ এশিয়ার তরুণদের সম্মিলিতভাবে উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেহা বোরা ভারতের তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে আলোচনায় আসেন। নাট্যকর্মী ও আন্দোলনকর্মী হিসেবে পরিচিত এই ছাত্রনেত্রী নির্বাচনী সংস্কার এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশজুড়ে মনোযোগ আকর্ষণ করেছেন।