লাঠির জবাবে বাঁশির সুর, প্রতিবাদের ভিন্ন বার্তা দিলেন রাহুল গান্ধি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে ভিন্নধর্মী প্রতিবাদের বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সংবাদ সম্মেলনে এক বাঁশিশিল্পীকে সামনে এনে প্রতীকীভাবে প্রতিবাদের নতুন সুর তুলে ধরেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বাঁশিশিল্পীর বাঁশিতে বেজে ওঠে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গানটি। পুলিশের লাঠিচার্জের অভিযোগের বিপরীতে বাঁশির সুরকে প্রতীক হিসেবে উপস্থাপন করেন রাহুল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি বলেন, ‘ডান্ডে কা জবাব ডান্ডে সে’। অর্থাৎ লাঠির জবাব লাঠি দিয়ে। তবে বাঁশিশিল্পীকে সামনে এনে তিনি প্রতিবাদের ভিন্ন একটি প্রতীকী বার্তা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সামার নামের ওই বাঁশিশিল্পী অভিযোগ করেন, গত ১১ অক্টোবর তাকে আটক করা হয়। সেদিন সরকার সমর্থক কর্মীরা বিক্ষোভকারীদের লাঠি দিয়ে আঘাত করেন এবং পাথর ছোড়েন। পরে সরকার সমর্থকরা পুলিশ দিয়ে তাকে আটক করান বলেও অভিযোগ করেন তিনি।
সামার আরও বলেন, আটকের পর তাদের মুঠোফোন নিয়ে নেওয়া হয় এবং সেগুলোর তথ্য মুছে ফেলা হয়। ওই ঘটনায় প্রায় ১৫ জন নারীও ছিলেন বলে জানান তিনি। তার অভিযোগ, তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের এক নারী কর্মীকেও পরিচয় করিয়ে দেন। ওই নারীকে ‘শেরনি’ বা বাঘিনীর সঙ্গে তুলনা করে রাহুল বলেন, মারধরের শিকার হয়েও তিনি ভয় পাননি এবং দমে যাননি।