ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বৈরী সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এক মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, ভারত আধিপত্যবাদী মানসিকতা পরিহার না করলে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

সম্প্রতি এক আলোচনা সভায় রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত আগের চেয়েও কঠোর জবাব দেবে। তাঁর এই বক্তব্যকে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি হিসেবে দেখছে ইসলামাবাদ। এ খবর জানিয়েছে ডন।

শুক্রবার ১৬ অক্টোবর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি রয়েছে।

ভারতের প্রতি উসকানিমূলক বক্তব্য ও বিপজ্জনক বাগাড়ম্বর পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের আধিপত্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এসব বক্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশটি।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পেছনে রয়েছে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, দেশটির ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত ঘটে। ইসলামাবাদ ওই হামলাকে বিনা উসকানিতে চালানো হামলা হিসেবে বর্ণনা করেছে।

পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা সংঘাতের অবসান ঘটে ২০২৫ সালের ১০ মে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে।

যুদ্ধের প্রসঙ্গ টেনে সাজ্জাদ হায়দার খান বলেন, পাকিস্তান এর আগেও নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা এবং দৃঢ় সংকল্পের প্রমাণ দিয়েছে। এ বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, পাকিস্তানের সংযম ও শান্তির প্রতি অঙ্গীকারকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়। দেশটির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970