ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন মো. মহসিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার এমন প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার ১৭ অক্টোবর সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন ও সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। অথচ নতুন কমিটিতে আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনে অংশ নিতে গিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানাতে দেখা যায়। এ সময় তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানান। আন্দোলন ও সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে মহসিন ভূঁইয়া বলেন, তাদের দাবি হলো দ্রুত বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করা। নতুন কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

তবে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি, এমন অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অনুমোদন দিয়েছেন। তারা যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970