ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ১৭ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে নতুন বিজ্ঞপ্তিতে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিকে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এসব আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইটের হালনাগাদ সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970