স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিলেন ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাট ও সহিংসতা মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার ১৯ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে চলমান সংকট আরও ঘনীভূত হওয়ার পেছনে আগাম পরিস্থিতি আঁচ করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যর্থতা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এলিসি প্রাসাদ জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজকে দায়িত্বে বহাল থাকার কথা জানিয়েছেন ম্যাক্রোঁ। পাশাপাশি চলমান সহিংসতা ও লুটপাট মোকাবিলায় দ্রুত নতুন কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
সংকট নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কর্মপদ্ধতি নির্ধারণের দায়িত্বও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন তিনি। সরকারের লক্ষ্য, সহিংসতা দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করা।
সম্প্রতি ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার পরিস্থিতির অবনতি হয়েছে। গত শনিবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সহিংস একটি দিন পার করে দেশটি। ওই দিন বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়া হয়। পাশাপাশি শত শত দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্বীকার করেন, বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
সহিংসতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়তে থাকায় নুনেজ পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তবে তার প্রস্তাব গ্রহণ না করে তাকে দায়িত্বে বহাল রেখেছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে নতুন কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।