গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পিএম
নিজ দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারেন যে তার দলের কোনো কর্মী কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।
সোমবার ১৯ অক্টোবর সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো, ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আইনমন্ত্রী বলেন, বিএনপির কোনো কর্মী কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। এ বিষয়ে তিনি নিজের দলের নেতাকর্মীদের নিয়ে গর্ব প্রকাশ করেন।
বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার বিষয়ে আসাদুজ্জামান বলেন, আগে কোনো বিদেশি বাংলাদেশে ব্যবসা করতে চাইলে বর্তমান আইন অনুযায়ী ৫৫টি জায়গায় যেতে হতো এবং এতে তিন বছর সময় লাগত। তবে আইন প্রণয়নের মাধ্যমে সেই প্রক্রিয়া মাত্র দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, গত সপ্তাহে শৈলকুপা থেকে শেখপাড়া ও ভাটই পর্যন্ত মহাসড়ক মেরামতের জন্য ১৯১ কোটি টাকা অনুমোদন হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাহিদা অনুযায়ী ৩৯৩টি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সূচিতে যুক্ত হয়েছে। আগামী সপ্তাহে এসব সড়কের গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।
মাহেন্দ্র, ইজিবাইক ও ভ্যানচালকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সড়কের যেখানে সেখানে যানবাহন রাখা যাবে না। এভাবে গাড়ি রাখলে যানজট সৃষ্টি হয়। তাই চালকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। সভায় বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।
এ সময় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ সুবিধা এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।