সৌদির সার্বভৌমত্ব ও পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। প্রয়োজনে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ।
সোমবার ১৯ অক্টোবর ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এমন বিষয়, যেগুলো নিয়ে কোনো আলোচনা বা আপসের সুযোগ নেই। পাকিস্তানের কাছে এসব বিষয় অবিসংবাদিত। প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের এই অবস্থান সামনে এসেছে। আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে।
তিনি আরও জানান, পাকিস্তান ইতিমধ্যে সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও প্রস্তুত রয়েছে দেশটি।
ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অনুরোধ এসেছে কি না, তা তার জানা নেই। তবে এ ধরনের অনুরোধ পাওয়া গেলে তা পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র, এক্সপ্রেস ট্রিবিউন