আল্লাহ, আমাকে খাবার দাও, সেই সাজু শেখের স্ত্রী মারা গেছেন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে শেরপুরের বৃদ্ধ সাজু শেখের। সামাজিক যোগাযোগমাধ্যমে খাবারের জন্য আকুতি জানিয়ে আলোচনায় আসা এই বৃদ্ধের স্ত্রী নূরজাহান বেগম আর নেই। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রবিবার ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান ৮০ বছর বয়সী নূরজাহান। একই দিন বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন নূরজাহান। রবিবার দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না তিনি। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করতে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হয়েছে বৃদ্ধ সাজু শেখকে। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হতো এই দম্পতিকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে জড়িয়ে ধরে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। ভিডিওতে তার অসহায় আবেদন বহু মানুষের হৃদয় স্পর্শ করে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। পরে বৃদ্ধ দম্পতির কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তা।

জানা গেছে, সাজু শেখ ও নূরজাহান বেগম প্রায় ৬৫ বছর একসঙ্গে সংসার করেছেন। দীর্ঘ এই দাম্পত্য জীবনে দারিদ্র্য, বার্ধক্য ও অসুস্থতাসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তারা। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও অসুস্থ স্ত্রীর সেবা থেকে পিছিয়ে যাননি সাজু শেখ। জীবনের শেষ দিন পর্যন্ত শয্যাশায়ী স্ত্রীর পাশে ছিলেন তিনি।

পরিবারের সদস্যদের তথ্যমতে, সাজু শেখ ও নূরজাহান বেগমের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে সন্তানরাও আর্থিকভাবে অসচ্ছল। তাদের ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে সাধ্যমতো মা-বাবার দেখাশোনা করতেন। কিন্তু নিজের সংসারের ব্যয় মেটাতেই তাকে কঠিন সংগ্রাম করতে হয়। ফলে বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও ভরণপোষণের পুরো দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের জীবনসঙ্গীকে হারিয়ে এখন একা সাজু শেখ। যে স্ত্রীকে নিয়ে কষ্টের কথা জানিয়ে একদিন খাবারের জন্য আকুতি জানিয়েছিলেন, সেই স্ত্রীই চলে গেছেন না ফেরার দেশে। দারিদ্র্য ও অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করা এই বৃদ্ধের জীবনে নেমে এসেছে নতুন এক শূন্যতা। বার্ধক্যের শেষ সময়ে জীবনসঙ্গীকে হারিয়ে কীভাবে দিন কাটবে তার, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970