যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। চারটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। গত বছরও ডেমোক্র্যাটদের জন্য এমন জয় প্রায় অসম্ভব বলে মনে করা হয়েছিল।

এই জয়ের ফলে ২০২৭ সালে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা পেতে যাচ্ছে দলটি।

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়ানোর প্রয়োজন ছিল। নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ও ওহাইওতে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন। সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে।

অন্যদিকে, টেক্সাসে অঙ্গরাজ্যের প্রতিনিধি জেমস টালারিকো পরাজিত করেছেন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। আর ওহাইওতে জয় পেয়েছেন সাবেক সিনেটর শেরড ব্রাউন।

নির্বাচনের এই ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নির্বাচনী প্রচারের সময় অক্টোবরজুড়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন ট্রাম্প। তবে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় পাওয়ার ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970