হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষায় ৪০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

রাফাহ সীমান্তে যাতায়াতের বিধিনিষেধের কারণে টানা চতুর্থ বছরের মতো পবিত্র হজ পালন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন গাজার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করেও তারা যাওয়ার সুযোগ পাননি। দীর্ঘ অপেক্ষার মধ্যে হজ পালনের স্বপ্ন অপূর্ণ রেখেই মারা গেছেন প্রায় ৪০০ নিবন্ধিত হজযাত্রী।

গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল আস্তাল জানিয়েছেন, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি হজে যাওয়ার অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। এরই মধ্যে প্রায় ৪০০ নিবন্ধিত ব্যক্তি মারা গেছেন। ভবিষ্যতে হজযাত্রার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজ লটারিতে নির্বাচিতদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মৃত নিবন্ধনকারীদের বরাদ্দ করা কোটা বাতিল না করে তাদের পরিবারের সদস্যদের দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আল আস্তাল বলেন, সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি এবং মিসরের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় গাজার হজযাত্রীরা যাত্রা করতে পারছেন না। হজযাত্রীরা যেন নিরাপদে গাজা ছেড়ে সৌদি আরবে যেতে পারেন এবং হজ শেষে নিজ ভূমিতে ফিরে আসতে পারেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা দাবি করেছেন তিনি।

যুদ্ধ ও সীমান্ত বন্ধ থাকার কারণে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার বাসিন্দারা হজ পালনের সুযোগ পাননি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনের মোট ৬ হাজার ৬০০ জনের হজ কোটার মধ্যে গাজার জন্য বার্ষিক বরাদ্দ প্রায় ২ হাজার ৫০৮ জন।

২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় মক্কা ও মদিনায় আবাসন এবং যাতায়াতের বুকিং সম্পন্ন করার পরও প্রায় ২ হাজার ৫০০ হজযাত্রীর যাত্রা বাতিল হয়ে যায়। ২০২৬ সালের শুরুর দিকে সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়া হলেও সেটি কেবল মানবিক প্রয়োজনে ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ ছিল।

অনেক ফিলিস্তিনির কাছে হজ আজীবনের লালিত স্বপ্ন। এই স্বপ্ন পূরণের আশায় বছরের পর বছর অর্থ সঞ্চয় করেন তারা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ হাজারো মানুষের মধ্যে হজ পালনের সুযোগ না পাওয়ার শঙ্কাও বাড়ছে।

আসন্ন ১৪৪৮ হিজরি বা ২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে অপেক্ষমাণ তালিকা থেকে আরও মানুষের নাম বাদ পড়ার আগেই নিরাপদে হজ পালন এবং দেশে ফেরার নিশ্চয়তা চাইছেন গাজার বাসিন্দারা।

সূত্র: দ্য প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970