তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ দেখতে চেয়েও অনুমতি পেলেন না পাকিস্তানি মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল ও দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। তবে তার সেই ইচ্ছায় সাড়া দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি পাননি তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারত সফরের সময় আগ্রার বিখ্যাত মুঘল স্থাপত্য তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহ ঘুরে দেখার অনুমতি চেয়েছিলেন পাকিস্তানি এই মন্ত্রী। তবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তার সফর এসসিওর নির্ধারিত কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে গেলেন। শুক্রবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান মুসাদিক মালিক। এসসিওর প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর মুসাদিক মালিকের এই সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সম্মেলনের বাইরে পাকিস্তানি মন্ত্রীর চলাচলে অনুমতি না দেওয়ার ঘটনা দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেছে।
এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর।